বিনামূল্যের মিউজিক স্ট্রিমিং সেবা চালু করলো এলজি

২৬ ডিসেম্বর, ২০২৪ ১১:০৭  

এলজি সম্প্রতি তাদের নিজস্ব মিউজিক স্ট্রিমিং সেবা ‘এলজি রেডিও প্লাস’ উন্মোচন করেছে। বিজ্ঞাপন-সমর্থিত এই অডিও স্ট্রিমিং সেবাটি বর্তমানে ওয়েবওএস ৬.০ এবং তার পরের সংস্করণচালিত এলজি স্মার্ট টিভিতে পাওয়া যাচ্ছে। খবর ফোনএরিনা।

খবরে বলা হয়, ব্যবহারকারীদের জন্য পডকাস্ট এবং রেডিও প্রোগ্রামের বিশাল সমাহার নিয়ে এসেছে এলজি রেডিও প্লাস। কোম্পানিটি জানিয়েছে, আগামী বছর থেকে এটি এলজি থিনকিউ অ্যাপের সাথে সংযুক্ত হবে, যা ব্যবহারকারীদের জন্য আরও সহজ এবং সুসংগঠিত অভিজ্ঞতা নিশ্চিত করবে।

এলজি জানিয়েছে, রেডিও প্লাস অ্যাপে একটি “ইন্টুইটিভ ইন্টারফেস” রয়েছে, যেখানে “অন এয়ার” পেজে জনপ্রিয় অডিও চ্যানেল এবং ব্যক্তিগত পছন্দ অনুযায়ী প্রিয় চ্যানেলের তালিকা প্রদর্শিত হয়।

এলজি এই সেবাকে আরও আকর্ষণীয় করতে রেডিওঅনলাইনের মতো বৈশ্বিক রেডিও এবং অডিও সেবা প্রদানকারীর সাথে অংশীদারিত্ব করেছে। এলজি রেডিও প্লাস বর্তমানে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়াতে ব্যবহার করা যাচ্ছে। এখানে এনপিআর, সিএনএন রেডিও, ফক্স রেডিও, দ্য জো রোগান এক্সপেরিয়েন্সের মতো জনপ্রিয় চ্যানেলসহ স্থানীয় রেডিও স্টেশন এবং পডকাস্টগুলো শোনা যাবে।

যারা এই সেবাটি উপভোগ করতে চান, তারা এলজি কনটেন্ট স্টোর বা অ্যাপস থেকে এলজি রেডিও প্লাস অ্যাপটি ডাউনলোড করতে পারবেন অথবা এলজি ম্যাজিক রিমোটের ভয়েস সার্চ ফাংশনের মাধ্যমে এটি খুঁজে নিতে পারবেন।

এলজি জানিয়েছে, রেডিও প্লাস অ্যাপ ব্যবহারকারীদের যুক্তরাষ্ট্রে ১৪,৫০০-এরও বেশি চ্যানেল এবং দক্ষিণ কোরিয়ায় ৪৪০টি চ্যানেল অনুসন্ধানের সুযোগ দেবে।

আগামী বছরে এক্সবুম স্পিকারের ‘মাই’ বাটনের মাধ্যমেও এই সেবা ব্যবহার করা যাবে বলে জানিয়েছে এলজি।

ডিবিটেক/বিএমটি